পাকিস্তানে জ্যেষ্ঠ তালেবান নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল বুধবার রাতে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা নাজিরসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার গোয়েন্দাসূত্র ও উপজাতি নেতারা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়। ওয়াজির গোত্রের মোল্লা নাজিরকে গুরুত্বপূর্ণ তালেবান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি মৌলভি নাজির ওয়াজির নামেও পরিচিত। সাতটি গোয়েন্দাসূত্র ও ওয়াজির গোত্রের দুজনের দাবি, দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানার কাছে আঙ্গর আদ্দারের একটি বাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মোল্লা নাজির, তাঁর উপপ্রধান রাত্তা খান ও অপর আটজন নিহত হন। পাকিস্তানি সেনাদের পরিবর্তে আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর হামলার পক্ষপাতী ছিলেন মোল্লা নাজির। এ অবস্থানের কারণে পাকিস্তানের অনেক তালেবান নেতার সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এই শত্রুতার জের ধরে ২০১২ সালের নভেম্বরে মোল্লা নাজিরের ওপর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে বলে শোনা যায়। ওই হামলায় তিনি সামান্য আহত হয়েছিলেন।