পাকিস্তানে ড্রোন হামলা থামছে না
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে ১৬ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের তিনটি গোপন আস্তানা লক্ষ্য করে এ হামলা করা হয়েছে। আস্তানা তিনটিতে ছোড়া হয়েছে দুটি করে ক্ষেপণাস্ত্র। এতে ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র মনে করছে এ ধরনের হামলা সীমান্ত নিয়ন্ত্রণকারী জঙ্গিদের দমনে কার্যকর।বিবিসির খবরে বলা হয়েছে, ড্রোন হামলার ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করার এক দিন পরই এ হামলা হয়েছে। একই ধরনের তিনটি হামলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে। সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত পাকিস্তানের অস্থিতিশীল উপজাতীয় এলাকাগুলোতে ড্রোন হামলা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ সালে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ ধরনের হামলা বেড়েছে। বিভিন্ন সময়ে পরিচালিত এসব হামলায় বেশ কিছুসংখ্যক শীর্ষ জঙ্গি নিহত হলেও এতে অনেক বেসামরিক লোকজন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও বিশ্লেষকদের মতে, ওই সব এলাকায় হামলার সক্ষমতা রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্রেরই।