পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় চালকবিহীন মার্কিন বিমানের (ড্রোন) হামলায় গতকাল বৃহস্পতিবার রাতে চারজন নিহত হয়েছে। একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার পিটিআইয়ের খবরে তা জানানো হয়। রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল এলাকায় সিআইএ পরিচালিত গোয়েন্দা বিমান হামলায় চারজন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, হামলার সময় ওই এলাকায় চারটি মার্কিন ড্রোন উড়তে দেখা গেছে। একটি গাড়ি লক্ষ্য করে সেখান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে গাড়িটি ধ্বংস হয়ে যায়। জাতিসংঘের একজন দূত গত সপ্তাহে বলেছেন, মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। ইসলামাবাদ এ ধরনের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে। উত্তর ওয়াজিরিস্তান তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের নিরাপদ আস্তানা বলে পরিচিত।