পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৮
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায় আজ মঙ্গলবার চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় বিদেশিসহ আটজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।নিহত ব্যক্তিদের মধ্যে আল-কায়েদার একজন বিদেশি কৌশলগত প্রশিক্ষক রয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিনি সোমালিয়ার নাগরিক। কারও ভাষ্য, তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।উত্তর ওয়াজিরিস্তানের প্রাদেশিক রাজধানী মিরানশাহ থেকে ৩০ কিলোমিটার পূর্বে হায়দারখেল গ্রামে এ হামলা চালানো হয়।গত বছর ড্রোন হামলায় আল-কায়েদার একজন শীর্ষ কর্মকর্তা আবু ইয়াহা আল-লিবি নিহত হন।গতকাল সোমবার অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেন, ড্রোন হামলা মার্কিন বাহিনীর জন্য ইতিবাচক হলেও সারা বিশ্বে এর কঠোর সমালোচনা হচ্ছে। অতিমাত্রায় ড্রোন হামলা মার্কিন নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন।