পাকিস্তানে ড্রোন হামলায় ২১ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় ২১ জঙ্গি নিহত হয়েছে। ডন ডট কম এই কথা জানিয়েছে।সূত্র জানায়, মিরাম শাহের কাছে স্পিলগা গ্রামে একটি কম্পাউন্ডে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ছয়জন নিহত ও দুজন আহত হয়। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।এদিকে এ হামলার এক ঘণ্টা পরই মিরালি তেহসিলে জেকারখেল-খাইসুর সড়কে একটি চলন্ত গাড়িতে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জঙ্গি নিহত হয়। প্রথম হামলায় নিহত ব্যক্তিরা আফগানিস্তানের তালেবান জঙ্গিদের অনুগত বদর মনসুর এবং হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর আগে ৯ ফেব্রুয়ারি কর্মকর্তারা জানিয়েছিলেন, উত্তর ওয়াজিরিস্তানে এক ড্রোন হামলায় পাকিস্তানে আল কায়েদার নেতা মনসুর নিহত হয়েছেন।দ্য নিউ আমেরিকা ফাউন্ডেশন ওয়াশিংটনে জানায়, গত আট বছরে পাকিস্তানে ড্রোন হামলায় আড়াই সহস্রাধিক লোক নিহত হয়েছে।এএফপির এক হিসাবে দেখা যায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় ২০০৯ সালে ৪৫টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ২০১০ সালে ছিল ১০১টি এবং গত বছর ৬৪টি হামলা চালানো হয়।পাকিস্তানের মাটিতে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলার কথা গত মাসে প্রথমবারের মতো স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।