পাকিস্তানে ড্রোন হামলার প্রতিবাদ মার্কিনিদের
পাকিস্তানে জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন চালকবিহীন বিমান হামলার (ড্রোন) প্রতিবাদ জানাতে দেশটিতে গেছেন যুক্তরাষ্ট্রের ৩৫ জন নাগরিক। আজ শুক্রবার গোলাপি পোশাক পরে রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের। সিএনএনের খবরে বলা হয়, পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় আক্রান্ত মানুষের সঙ্গে সাক্ষাত্ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতেই দেশটিতে পৌঁছেছেন যুদ্ধবিরোধী সংগঠন ‘কোড পিংক’। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মানুষকে জানাতেই তাঁদের এ পরিকল্পনা। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কোড পিংকের অন্যতম প্রতিষ্ঠাতা মিডিয়া বেঞ্জামিন তাঁদের পাকিস্তান যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘ড্রোন হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত পাকিস্তানি জনগণের কাছে বিবেকবান আমেরিকানদের পক্ষে ক্ষমা চাইতে আমরা এখানে এসেছি।’পিংক কোডের পক্ষ থেকে বলা হয়েছে, আজ ইসলামাবাদের ব্যস্ততম মার্কেটের সামনে উজ্জ্বল গোলাপি পোশাক পরে যুক্তরাজ্যের একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে র্যালি করা হবে। এতে ড্রোন হামলাবিরোধী বিভিন্ন ব্যানার প্রদর্শন ও স্লোগান দেওয়া হবে।পাকিস্তানে জঙ্গি আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন মহলে। সমালোচকদের মতে, বিভিন্ন সময়ে পরিচালিত এসব হামলায় অনেক জঙ্গির আস্তানা ধ্বংস হয়েছে। বিপরীতে বহুসংখ্যক সাধারণ মানুষও নিহত হয়েছে। পাকিস্তান সরকার এ ধরনের হামলার প্রতিবাদ জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোন হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার সংখ্যা খুবই কম।