পাকিস্তানে ড্রোন হামলায় ১৫ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় আজ সোমবার ভোররাতে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মার্কিন ড্রোন হামলায় মোট ২৭ জন নিহত হলো। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, আজ ভোরে আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহ থেকে ২৫ কিলোমিটার পূর্বে মির আলী এলাকার হেসোখেল গ্রামের একটি জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই এলাকাটি তালেবান ও আল-কায়েদার একটি শক্ত ঘাঁটি বলে ধারণা করা হয়।মিরানশাহের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, এ হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।গত মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোয় ন্যাটোর শীর্ষ সম্মেলনের পর পাকিস্তানে এটি নিয়ে আটবার ড্রোন হামলার ঘটনা ঘটল। ওই সম্মেলনে আলোচ্যসূচির গুরুত্বপূর্ণ বিষয় ছিল আফগান-পরিস্থিতি। এর আগে গতকাল রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার কাছে এক হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়।ওয়াশিংটনের গবেষণা-বিষয়ক প্রতিষ্ঠান দ্য নিউ আমেরিকা ফাউন্ডেশনের মতে, গত আট বছরে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় আড়াই হাজারের বেশি লোক নিহত হয়েছে।