পাকিস্তানে তালেবান প্রশিক্ষণ (ভিডিও)
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে উপজাতি অধ্যুষিত এলাকায় তালেবান সদস্যদের আত্মঘাতী মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতেই এ প্রশিক্ষণ বলে রয়টার্সের খবরে বলা হয়। আফগানিস্তান সীমান্তের ওই প্রত্যন্ত এলাকায় ওই প্রশিক্ষণ দেওয়া হয়। রয়টার্সের এক ভিডিওচিত্রে দেখা যায়, সম্প্রতি তালেবান কমান্ডার শামীম মেহসুদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলছেন, ‘আপনারা কি আপনাদের জীবন উত্সর্গ করতে প্রস্তুত? আপনারা কি আপনাদের রক্ত ঝরাতে ও আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত? এ কঠিন পথকে কি আপনারা স্বাগত জানাবেন? আর এসব পথের কাঁটাকে ধ্বংস করতে কি আপনারা প্রস্তুত?’
আফগান তালেবান ও আল-কায়েদার সমর্থনপুষ্ট পাকিস্তানি তালেবানরা দেশটির সরকারের পতনে অঙ্গীকারবদ্ধ।পাকিস্তান তালেবানের ডেপুটি কমান্ডার গত শনিবার জানান, সরকারের সঙ্গে পাকিস্তানি তালেবানদের শান্তি আলোচনা চলছে। তবে দেশটির সরকার তালেবানদের এ দাবি অস্বীকার করেছে।