পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আধা সামরিক বাহিনীর একাডেমির বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। আজ শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।পাকিস্তানি তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে দাবি করেছেন, ‘শহীদ ওসামা বিন লাদেন হত্যার এটা প্রথম প্রতিশোধ। পরে আরও হামলা চালানো হবে।’উত্তর-পশ্চিমাঞ্চলের চরসাদ্দা জেলার শাবকাদারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। বিস্ফোরণে বেশ কিছু যানবাহনও ধ্বংস হয়।হামলায় আহত দেশটির আধা সামরিক বাহিনীর কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘আমি সাধারণ পোশাকে একটি ভ্যানের ওপর বসে আমার সহকর্মীর জন্য অপেক্ষা করছিলাম। হঠাত্ শুনতে পেলাম কেউ “আল্লাহু আকবর” বলে চিত্কার করল এবং সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। অনুভব করলাম আমার কাঁধের পেছনে কিছু যেন আঘাত করল।’ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রথম বিস্ফোরণের একটু পরেই আবার বিস্ফোরণের শব্দ পেলাম এবং আমি ভ্যানের ওপর থেকে পড়ে গেলাম। অনুভব করলাম আমার শরীর থেকে রক্ত ঝরছে।’২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটিই তালেবানদের বড় ধরনের হামলা। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে তালেবান জঙ্গিরা পাকিস্তানে বোমা হামলা ও অন্যান্য আক্রমণের মাধ্যমে কয়েক শত সাধারণ জনগণকে হত্যা করেছে।