পাকিস্তানে থানায় হামলা চালিয়ে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে উত্তেজিত জনতা একটি থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে সেখানে আটক এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করেছে । ওই ব্যক্তির বিরুদ্ধে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে প্রথমে স্থানীয় জনতা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে তাঁরা আবার থানায় হামলা চালিয়ে ওই ব্যক্তির শরীরে আগুন ধরিয়ে দেয়। আজ শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। তবে নিহত ওই ব্যক্তির নাম জানা যায়নি।পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীতা গ্রামের মসজিদের ইমাম মৌলভী মেমনের ভাষ্য, আগুনে পুড়ে যাওয়া ওই ব্যক্তি একজন পর্যটক। তিনি গত বৃহস্পতিবার রাতে মসজিদে ছিলেন। পরদিন সকালে মসজিদে পবিত্র কোরআনের পুড়ে যাওয়া অংশ উদ্ধার করা হয়। ইমামের দাবি, সেদিন রাতে মসজিদে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ছিলেন না। কাজেই তিনি ছাড়া আর কেউ এ ঘটনা ঘটাননি। বিবিসিতে প্রকাশিত খবরে জানা গেছে, ওই ব্যক্তি একজন মুসলমান।দাদু জেলার পুলিশের সুপারিনটেনডেন্ট উসমান গনি বলেন, গ্রামের লোকজন প্রথমে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এর কয়েক ঘণ্টা পর দুই শতাধিক মানুষ থানা ভাঙচুর করে ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে বের করে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি পুড়ে মারা যান। এ ঘটনায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কর্তব্য কাজে অবহেলার অভিযোগে ওই থানার প্রধান কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পাকিস্তানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুসারে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ধর্মীয় বিষয় অবমাননার অভিযোগে ৫৩ জনকে হত্যা করা হয়েছে। ধর্মীয় বিষয় অবমাননার অভিযোগে পাকিস্তানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে।