পাকিস্তানে নতুন প্রদেশ গঠনে জারদারির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে পাঞ্জাব ভেঙে নতুন একটি প্রদেশ ও পাশাপাশি পুরোনো আরেকটি প্রদেশকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জারদারি গতকাল বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলির (জাতীয় পরিষদ) স্পিকারকে চিঠি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ডন ডটকমের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের দক্ষিণ অংশ (সাউথ পাঞ্জাব) নিয়ে নতুন একটি প্রদেশ ও একসময়ের প্রদেশ ভাওয়ালপুরকে আবারও প্রদেশ হিসেবে চালু করার প্রস্তাব দিয়েছেন জারদারি। এ ব্যাপারে স্পিকার ফাহমিদা মির্জাকে দেওয়া এক চিঠিতে তিনি ১৪ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করতে বলেছেন। কমিশন এ ব্যাপারে সুপারিশ করবে।ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার ফয়সাল করিম কুন্ডি গতকাল অধিবেশন চলাকালে নিম্নকক্ষের সদস্যদের চিঠিটি পড়ে শোনান। তিনি বলেন, এর মধ্যে পরিষদ সচিবালয় চিঠি গ্রহণ করেছে। পরে স্পিকার একটি কমিশন গঠন করেছেন।এ বছরের ৩ মে নতুন প্রদেশ সৃষ্টি ও পুরোনো প্রদেশটিকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হয়। তারও আগে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে একই ধরনের একটি প্রস্তাব পাস হয়। যেখানে দক্ষিণ পাঞ্জাবকে নতুন প্রদেশ এবং ভাওয়ালপুরকে প্রদেশের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য দেশটির পার্লামেন্ট ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়। জারদারির চিঠিতে বলা হয়, ‘পূর্বোক্ত প্রস্তাবটি বাস্তবায়নের জন্য এবং এ ব্যাপারে সংবিধানের ২৩৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনী আনতে একটি কমিশন গঠন করতে হবে। সিনেটের চেয়ারম্যানের মনোনীত ছয়জন, ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে স্পিকারের মনোনীত ছয়জন এবং পাঞ্জাবের প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে প্রাদেশিক স্পিকার মনোনীত দুজন সদস্য—মোট ১৪ জন সদস্য নিয়ে কমিশন গঠিত হবে।’কমিশনের সদস্যরা প্রস্তাবিত প্রদেশগুলোতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পদের সুষ্ঠু বণ্টন ও ব্যবস্থাপনা, সীমানা নির্ধারণ, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন বরাদ্দ, জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু ও নারী আসনসহ সিনেট ও প্রাদেশিক অ্যাসেম্বলির আসন বিন্যাস এবং অন্যান্য সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও স্পিকার ফাহমিদা মির্জার কাছে আগামী এক মাসের মধ্যে কমিশন তার প্রতিবেদন অফিসিয়াল গেজেট আকারে পেশ করবে।