পাকিস্তানে ন্যাটোর হামলা, ২৮ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সামরিক তল্লাশি চৌকিতে গতকাল শনিবার সামরিক জোট ন্যাটোর হামলায় অন্তত ২৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।এই হামলার পর পাকিস্তান আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে। ইসলামাবাদ ন্যাটোর এই হামলার নিন্দা জানিয়ে একে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কমান্ডার জেনারেল জন অ্যালেন এই হামলার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।পাকিস্তানের দুজন সামরিক কর্মকর্তা জানান, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগান সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সালালা তল্লাশি চৌকিতে শনিবার রাত দুইটার দিকে হামলা চালানো হয়। ওই তল্লাশি চৌকির সেনারা তালেবানবিরোধী লড়াইয়ে নিয়োজিত ছিলেন।পাকিস্তানের শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তা জানান, ‘কোনো কারণ ছাড়াই তল্লাশি চৌকির ঘুমন্ত সেনাদের ওপর হামলা চালিয়েছে ন্যাটো।’ পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, হামলার সময় ওই তল্লাশি চৌকিতে ৪০ জনের মতো পাকিস্তানি সেনা অবস্থান করছিলেন।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর মাসুদ কাওসার জানান, ন্যাটোর হামলায় ২৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।ন্যাটোর হামলার কয়েক ঘণ্টার মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয় পাকিস্তান। ওই অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মুতাহির হুসাইন বলেন, ‘কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেয়ে আমরা ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছি। এরই মধ্যে রসদ সরবরাহের কয়েকটি ট্রাক পেশোয়ারে ফেরত পাঠানো হয়েছে।’ এএফপি, দ্য নিউজ।