পাকিস্তানে ন্যাটোর হামলার ভিডিও প্রকাশ
ন্যাটোর ভয়াবহ বিমান হামলার পরবর্তী ভিডিওচিত্র আজ বুধবার প্রকাশ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান বলেছে, এ হামলার ঘটনায় ন্যাটোর কেবল দুঃখ প্রকাশই যথেষ্ট নয়।গত শনিবার আফগান-সীমান্তবর্তী পাকিস্তানের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হন। আহত হন ১৩ জন। হামলার কিছুক্ষণ পর ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, পর্বতের ওপরের ক্ষতিগ্রস্ত বাংকার থেকে ধোঁয়া উদগিরণ হচ্ছে।
বৈদেশিক সম্পর্কবিষয়ক সিনেটের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী আজ বলেছেন, ‘সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলা মোটেও দুর্ঘটনা নয়। এর জন্য কেবল দুঃখ প্রকাশই যথেষ্ট নয়।’পাকিস্তানের জ্যেষ্ঠ একজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘পাকিস্তানের সীমানার ভেতরে প্রবেশ করে ন্যাটোর এই হামলা ছিল ইচ্ছাকৃত।’ পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, হামলা শুরুর পরপরই ন্যাটোকে সতর্ক করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ চলতেই থাকে।