পাকিস্তানে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর বোমা হামলার ষড়যন্ত্র ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি পুলিশ ইসলামাবাদের কূটনৈতিক এলাকার একটি হোটেল ও কিছু সরকারি ভবনে বোমা হামলা চালানোর একটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। হোটেলটিতে মূলত বিদেশিরাই যাতায়াত করে বলে গতকাল সোমবার এক পুলিশ কর্মকর্তা জানান।এক সংবাদ সম্মেলনে ইসলামাবাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশপ্রধান বনি আমিন খান বলেন, কূটনৈতিক এলাকার সেরেনা হোটেল ও ফ্রেঞ্চ ক্লাব রেস্তোরাঁয় হামলা চালানোর আগেই তালেবানদের ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের গুরু’ হিসেবে পরিচিত কারি হুসেইনের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের গ্রেপ্তার করে পুলিশ।যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে তালেবান বিদ্রোহীরা এর আগেও বেশ কিছু পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়। একটি সহিংস কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এসব আক্রমণ সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের পাকিস্তান থেকে দূরে সরিয়ে দিয়েছে।সংবাদ সম্মেলনটি চলার সময় কালো মুখোশধারী এক কথিত জঙ্গি পুলিশ কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে বলেন, ‘গত বছর ইসলামাবাদে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার দপ্তরে ও পাকিস্তানের ন্যাভাল কমপ্লেক্সের কাছে আত্মঘাতী হামলা চালাতে আমি সাহায্য করেছিলাম।’ তিনি বলেন, তাঁর নাম নূর জাহান এবং তিনি একটি আধাসামরিক বাহিনীর সাবেক সদস্য।পুলিশ জানায়, তারা নূর জাহান ও রেহমাত গুল নামের অন্য এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এবং তাঁদের কাছ থেকে আত্মঘাতী বোমা বহনের কোট ও একটি পিস্তল উদ্ধার করেছে।পুলিশ বলেছে, জঙ্গিরা তাঁদের হামলার দিন নির্ধারণ করেছিলেন ২৩ মার্চ, পাকিস্তানের জাতীয় দিবস। তাঁদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কয়েকটি আদালত ও একটি টেলিযোগাযোগ দপ্তর।