পাকিস্তানে পাঁচ সেনা কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচ সেনা কর্মকর্তাকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির একটি সামরিক আদালত এ রায় দেন বলে সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, দণ্ড পাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার আলী খানকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মেজর পদমর্যাদার অন্য চারজনকে ১৮ মাস থেকে তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। দণ্ডিত কর্মকর্তারা এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন।যুক্তরাজ্যভিত্তিক উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী হিযবুত তাহরীর পাকিস্তানে নিষিদ্ধ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনির হিযবুত তাহরীরের প্রধানের সঙ্গে ব্রিগেডিয়ার আলী খান সাক্ষাত্ করেছিলেন। পাকিস্তানের বর্তমান সরকারব্যবস্থা উত্খাত করে হিযবুত তাহরীরের দর্শন অনুযায়ী খলিফার শাসন কায়েম করার ষড়যন্ত্র করছিলেন তিনি।সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১১ সালের মে মাসে মার্কিন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এই পাঁচ সেনা কর্মকর্তাকে আটক করে পাকিস্তানি কর্তৃপক্ষ।