পাকিস্তানে পুলিশের ঘাঁটিতে তালেবান হামলা, নিহত ১৮
পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় পুলিশের একটি ঘাঁটিতে তালেবান জঙ্গিরা রকেট হামলা চালিয়েছে। এতে জঙ্গি, পুলিশ সদস্যসহ ১৮ নিহত হয়েছে।স্থানীয় সরকারি কর্মকর্তারা জানায়, আফগান সীমান্ত ঘেঁষা খাইবার অঞ্চলের বারা শহরে আজ রোববার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।স্থানীয় সরকারি কর্মকর্তা সাঈদ আহমেদ জানায়, অর্ধশতাধিক তালেবান জঙ্গি অত্যাধুনিক অস্ত্র নিয়ে পুলিশের ওই ঘাঁটিতে হামলা চালায়। সেখানে পুলিশদের সহায়তা করার জন্য তালেবানবিরোধী যোদ্ধারা উপস্থিত ছিল।হামলার একপর্যায়ের পুলিশ বাহিনীর পাল্টা হামলায় জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।পেশওয়ারের দুই গোয়েন্দা কর্মকর্তা এ সংঘর্ষ এবং হতাহতের খবর নিশ্চিত করেছেন। ২০০৭ সালে ইসলামাবাদে একটি মসজিদে অভিযান চালিয়েছিল দেশটির সরকার। এর পর থেকে তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গিদের হামলায় চার হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।