পাকিস্তানে পৃথক বোমা হামলায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান ও পেশোয়ারে পৃথক বোমা হামলার ঘটনায় আজ শুক্রবার অন্তত ৩৩ জন নিহত হয়েছে।মাদ্রাসায় বোমা হামলা:পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি মাদ্রাসায় আজ বোমা হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কোয়েটার সাবিয়াব এলাকার জামিয়া ইসলামিয়া মাফতা-উল-উলম মাদ্রাসায় সনদ বিতরণ অনুষ্ঠান চলছিল। এ সময় কাছেই সাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার আঘাতে ঘটনাস্থলে শিশু শিক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এ পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। ওই হামলায় শিশু শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এ অঞ্চলে তালেবান ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী সক্রিয় আছে। অধিকতর স্বায়ত্তশাসন ও সম্পদের ওপর আরও বেশি নিয়ন্ত্রণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা।সরকারি কর্মকর্তাদের বহনকারী গাড়িতে বোমা হামলা:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সরকারি কর্মকর্তাবাহী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৪ ব্যক্তি।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাঁদের দপ্তরে যাওয়ার সময় বাসটি পেশোয়ার সীমান্তে বোমা হামলার শিকার হয়। কোনো দল বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। বোমাটি রাস্তার পাশের কোনো গাড়িতে রাখা ছিল, না কি দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছে—তা পরিষ্কার নয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমার বিস্ফোরণে বাসটির পেছনের অংশ উড়ে যায়।পুলিশ বলেছে, বাসটি পেশোয়ার থেকে চরসাদ্দায় যাচ্ছিল। পেশোয়ারের উত্তর-পশ্চিম প্রান্তে গুর বেলা গ্রামের পুলিশ স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহত ও আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে কমপক্ষে চার শিশু ও কয়েকজন নারী আছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, তালেবান ও আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের কাছে অবস্থিত পেশোয়ারে সাম্প্রতিক বছরগুলোতে বোমা হামলায় শত শত ব্যক্তি নিহত হয়।