পাকিস্তানে পৃথক হামলায় ৪৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরস্তানে গতকাল সোমবার পৃথক দুটি হামলায় ৪৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরস্তানে মার্কিন চালকবিহীন বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ১৩ জন বিদ্রোহী ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকার একটি মসজিদে বোমা হামলায় ২৪ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়।পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রগুলো জঙ্গিদের গোপন আস্তানায় আঘাত হানে। নিহত জঙ্গিদের বেশির ভাগ আফগান তালেবান। এ ছাড়া নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে।মার্কিন কর্মকর্তারা জানান, ড্রোন জঙ্গিদের দমনে ব্যবহূত বিশেষ গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। তবে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এদিকে দক্ষিণ ওয়াজিরস্তানের বোমা বিস্ফোরণের ঘটনাটি আঞ্চলিক প্রধান শহর ওয়ানার বাজার এলাকার একটি মসজিদে ঘটে।বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক সদস্য মৌলভি নুর মোহাম্মাদ রয়েছেন। নুর মোহাম্মাদ মুসল্লিদের সঙ্গে আলাপ করার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।দক্ষিণ ওয়াজিরস্তান পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের প্রধান এলাকা। যদিও ওয়ানা এলাকাটি সেনাবাহিনীর অভিযানের বাইরে রয়েছে।কর্মকর্তারা জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়। হামলাকারী মোহাম্মাদের নিকটবর্তী হয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। তালেবান বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।