পাকিস্তানে পোলিও টিকাদানে জঙ্গিদের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের একটি জঙ্গি সংগঠন ওই অঞ্চলে সব ধরনের পোলিও টিকা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠনটি গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।সংগঠনটির দাবি, পাকিস্তানে যত দিন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, তত দিন সেখানে পোলিও টিকাদান কর্মসূচি নিষিদ্ধ থাকবে।সংগঠনটি বলছে, পাকিস্তানে আমেরিকার গুপ্তচরবৃত্তির কাজে এই ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি ব্যবহূত হচ্ছে। উদাহরণ হিসেবে সংগঠনটি পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদির কথা উল্লেখ করেছে। শাকিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন সম্পর্কে তথ্য সরবরাহ করেছিলেন।অভিযোগ রয়েছে, পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামার অবস্থান নিশ্চিত করতে শাকিল আফ্রিদি সে সময়ে একটি ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনা করেছিলেন।গত বছর ১১ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা নিহত হন।উল্লেখ্য, এশিয়ার মধ্যে পাকিস্তানে পোলিওর প্রকোপ বেশ প্রবল।