পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আগামী ৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন হবে। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করে। খবর পিটিআইয়ের।নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, গতকাল এক বিশেষ বৈঠকে এ তারিখের অনুমোদন দেন প্রধান নির্বাচন কমিশনার ফখরউদ্দিন জি ইব্রাহিম।নির্বাচন কমিশন জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়নপত্র মূল্যায়নের শেষ তারিখ ২৬ জুলাই। ২৯ জুলাই চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী ৮ সেপ্টেম্বর। এর এক মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতা খুরশিদ শাহ ও সাবেক নির্বাচন কমিশন সচিব কানওয়ার দিলশাদ। দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদের ৪২টি শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ আগস্ট। ওই নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তাঁরা।পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলো এখনো তাঁদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁদের প্রার্থী মনোনয়নের জন্য বৈঠক করেছে বলে জানা গেছে।