পাকিস্তানে ফিরলেই গ্রেপ্তার হবেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন। চৌধুরী জুলফিকার নামের এক সরকারি কৌঁসুলি গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হবে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।মোশাররফ প্রসঙ্গে চৌধুরী জুলফিকার বলেন, তাঁকে গ্রেপ্তারের জন্য নতুন করে কোনো গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন পড়বে না। কারণ আদালত ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছেন।এর আগে পাকিস্তানের একটি চ্যানেলকে পারভেজ মোশাররফ বলেন, পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলতি মাসের শেষের দিকে তিনি পাকিস্তানে ফিরতে পারেন।২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তত্কালীন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ পদত্যাগ করতে বাধ্য হন। এর পর থেকে তিনি লন্ডন ও দুবাইয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।প্রসঙ্গত, ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো রাজধানী ইসলামাবাদের কাছে এক আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে নিহত হন। তখন পারভেজ মোশাররফ দেশটির ক্ষমতায় ছিলেন।