পাকিস্তানে ফিরলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের হুমকি উপেক্ষা করে আজ রোববার পাকিস্তানে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, মোশাররফকে বহনকারী বিমানটি দুবাই থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সাবেক এই প্রেসিডেন্টের আগমনে তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেছেন। বিমানবন্দরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্য দিয়ে মোশাররফের চার বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটল। ১১ মের সাধারণ নির্বাচনে অংশ নেবেন তিনি। মোশাররফ জানিয়েছেন, কিছু দিন করাচিতে থাকার পর রাজধানী ইসলামাবাদে যাবেন তিনি। এদিকে গতকাল এক ভিডিও বার্তায় তালেবান নেতা আদনান রাশেদ ঘোষণা দেন, পারভেজ মোশাররফ দেশে ফিরলে তাঁকে হত্যা করা হবে। তিনি আরও বলেন, ‘মোশাররফকে দোজখে পাঠানের জন্য ইসলামের মুজাহিদেরা একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এই বাহিনীতে আত্মঘাতী হামলাকারী ও গুপ্তঘাতক রয়েছে।’ এর আগেও সাবেক এই প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিলেন তালেবান এই নেতা।এর জবাবে পারভেজ মোশাররফ বলেছেন, ‘৯/১১-এর পর থেকেই তাঁরা আমাকে দোজখে পাঠানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও ১২ বছর ধরে আমি জীবিত আছি।’ তিনি বলেন, ‘তাঁদের এসব হুমকিকে আমি পরোয়া করি না।’রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে মোশাররফ বলেছেন, তিনি আশা করেছিলেন পাকিস্তান সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে। তবে সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করেছেন তিনি।দুবাই ও লন্ডনে প্রায় চার বছর স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন মোশাররফ। ৯/১১-এ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার ঘটনার পর মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যোগ দেন মোশাররফ। পরে পাকিস্তানেও জঙ্গিবিরোধী অভিযান চালান তিনি। এসব পদক্ষেপে মোশাররফের ওপর তালেবান ও অন্য উগ্র গোষ্ঠীগুলো ক্ষুব্ধ। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখল করেন তত্কালীন শীর্ষ সেনা কর্মকর্তা পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি প্রেসিডেন্টের পদ দখল করেন। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় পারভেজ মোশাররফের দল। একই বছরের আগস্টে অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকে তিনি স্বেচ্ছায় নির্বাসনে যান।২০০৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতাসহ বেশ কয়েকটি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার মধ্যে তিনটিতে তাঁকে সুরক্ষামূলক জামিন দিয়েছেন পাকিস্তানের আদালত। এর ফলে দেশে ফেরার পর তাঁকে তাত্ক্ষণিক গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে না।