পাকিস্তানে বন্দুকযুদ্ধে ১০ সেনাসহ নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলে আজ শুক্রবার সকালে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ পাকিস্তানি সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে। সকালে আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলের তিরাহ উপত্যকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্দুকধারীরা পাহাড়ের ওপরে তিনটি চেক পয়েন্টে হামলা চালায়। খাইবারের প্রশাসক মোতাহির জেব খান এই বন্দুকযুদ্ধের সাথে লস্কর-ই-ইসলামের সংগঠনের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন। এদিকে, পৃথক এক ঘটনায় আজ শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বশির খান নামের এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে এ কথা জানায়। তবে, তাঁর হত্যাকারী সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।গত কয়েক বছর ধরেই খাইবারের তিরাহ উপত্যকাটি সহিংস কার্যক্রমের জন্য আদর্শ একটি স্থান হয়ে দাঁড়িয়েছে। এখানে নিয়মিত সেনাসদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে।