পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, আজ শুক্রবার ও আগামী সপ্তাহে পাঞ্জাবসহ সিন্ধু প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।বিগত ৮০ বছরের মধ্যে এটাই এ অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা। জাতিসংঘের তথ্যানুসারে এ পর্যন্ত বন্যায় এক হাজার ৬০০ মানুষের প্রাণহানি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি ৪০ লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় ম্যালেরিয়া, ডায়রিয়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে। এদিকে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ সময় তিনি সিন্ধু প্রদেশের সুক্কুরে একটি শরণার্থী শিবির ঘুরে দেখেছেন। বিরোধীদলীয় রাজনীতিবিদেরা জারদারির এই পরিদর্শনকে খুবই সংক্ষিপ্ত এবং খুবই বিলম্বিত বলে উল্লেখ করেছেন। কয়েক দিন আগেই ভয়াবহ এ বন্যার মধ্যে জারদারির যুক্তরাজ্য সফরের কারণে তিনি দেশে চরম সমালোচনার মুখে পড়েন। আগামী সপ্তাহে আবারও রাশিয়া সফরে যেতে পারেন বলে জানিয়েছেন জারদারি। তবে তিনি সফর সংক্ষিপ্ত করবেন।—বিবিসি অনলাইন