পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৮
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় কোহিস্তান জেলায় আজ মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে ১৮ জন যাত্রী নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরে দুর্গম পাবর্ত্য এলাকা হারবান নালা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে আল জাজিরা অনলাইন জানায়, ২৫ জন যাত্রী নিয়ে বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিতে যাচ্ছিল। স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ ইলিয়াস বলেন, বাসটিতে আক্রমণ চালানোর উদ্দেশ্যে বন্দুকধারীরা রাস্তার দুই পাশে লুকিয়ে ছিল। প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় ১৮ জন নিহত ও সাতজন আহত হয়েছে। হামলার কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, স্থানীয় সুন্নি সম্প্রদায়ের কয়েকজন সশস্ত্র ব্যক্তি যাত্রীদের ওপর এ হামলা চালায়। বাসের সব যাত্রী ছিলেন শিয়া মতাবলম্বী।এ হামলাটি ‘জাতিগত হামলা’ হয়ে থাকতে পারে বলে পার্লামেন্টের এক স্থানীয় সদস্য আবদুল সাত্তার খান মন্তব্য করেন। এদিকে পাকিস্তান সরকার দেশটিতে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে এ ধরনের জাতিগত সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার সংগঠনগুলো।