পাকিস্তানে বিচারবহির্ভূত হত্যার তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জারস সদস্যদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোর সরফরাজ শাহের হত্যার তদন্ত শেষ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপমহাপরিদর্শক (করাচি পশ্চিম) সুলতান খাজা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন বলে দ্য নেশন পত্রিকার অনলাইনে জানানো হয়েছে।সুলতান খাজা জানিয়েছেন, তাঁদের তদন্তকাজ শেষ। তাই অভিযুক্তদের আর রিমান্ডে নেওয়ার দরকার নেই। আদালত অভিযুক্ত ছয় রেঞ্জারস সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে জেলে প্রেরণ করেছেন।বিশেষ সরকারি আইনজীবী আরশাদ ইকবাল চিমা বলেছেন, ‘মামলাটি চাঞ্চল্যকর হয়ে উঠেছে। তদন্ত কর্মকর্তা চূড়ান্ত অভিযোগপত্র জমা দিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তুষ্ট হলে আমি তা আদালতে উপস্থাপন করব।’চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের করাচি শহরের বেনজির ভুট্টো পার্কে রেঞ্জারস সদস্যদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোর সরফরাজ শাহ। সরফরাজ এনকাউন্টারে নিহত হয়েছেন বলে রেঞ্জারসের পক্ষ থেকে বলা হয়। তবে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রাণ ভিক্ষা চাওয়ার পরও রেঞ্জারস সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করেছে। বিভিন্ন টেলিভিশনে এই ভিডিও প্রচারিত হওয়ার পর পাকিস্তান জুড়ে তোলপাড় শুরু হয়।