পাকিস্তানে বিদেশি সাহায্য কর্মীদের ওপর হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
বন্যাদুর্গত পাকিস্তানে ত্রাণ ও পুনর্বাসনকাজে অবস্থানরত বিদেশি সাহায্য কর্মীদের ওপর তালেবান জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিবিসি অনলাইনকে আজ এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেছেন, তাঁদের কাছে তথ্য রয়েছে, তেহরিক-ই তালেবান নামের একটি জঙ্গিগোষ্ঠী বন্যাদুর্গতদের সাহায্যার্থে পাকিস্তানে যেসব বিদেশি সাহায্য কর্মী অবস্থান করছেন; তাঁদের ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। এমনকি তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনায়ও হামলা চালাতে পারে।যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো বন্যাদুর্গত দেশটিতে তালেবান জঙ্গিদের আক্রমণের বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছে। পাকিস্তানে বন্যাদুর্গতদের সাহায্যে যেসব দেশ ত্রাণকার্য পরিচালনা করছে, এদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বলছে, তারা দেশটিতে প্রায় এক লাখ ৫০ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছে।এর আগে অবশ্য পাকিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেছিলেন, তাঁরা দেশটিতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যায় ভুগছেন না। আর এ ঘোষণা দেওয়ার পরপরই বিদেশি সাহায্য কর্মীদের ওপর তালেবান জঙ্গিদের সম্ভাব্য হামলার ব্যাপারে ওয়াশিংটন সতর্কতা উচ্চারণ করল।