পাকিস্তানে বিদ্যুৎকেন্দ্রে হামলায় আটজন নিহত
পাকিস্তানের পেশোয়ারে আজ মঙ্গলবার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জঙ্গি হামলায় পুলিশসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুন্দ বের এলাকার শেখ মোহাম্মদী মহল্লায় ওই হামলার ঘটনাটি ঘটে।পুলিশের বরাত দিয়ে ডন জানায়, নিহত আটজনের মধ্যে পাঁচজন বিদ্যুৎকেন্দ্রের কর্মচারী এবং অপর তিনজন পেশোয়ারের আশপাশের এলাকায় দায়িত্ব পালনকারী কমিউনিটি পুলিশের কর্মকর্তা। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ওই কেন্দ্রে হামলাকারীরা সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন ধরে যায় এবং কেন্দ্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। গ্রানুল্লাহ নামের বুন্দ বের থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলায় বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ, ছয়টি গাড়ি ও কেন্দ্রের নথিপত্র ভস্মীভূত হয়েছে। তিনি বলেন, গতকাল সোমবার রাতে ৪০ জনের বেশি জঙ্গি দেয়াল উড়িয়ে দিয়ে বিদ্যুৎকেন্দ্রটিতে ঢোকে এবং ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এ সময় সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের কিছু সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত পাঁচ বিদ্যুৎ-কর্মীর এবং এর আশপাশের এলাকা থেকে তিন কমিউনিটি পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কেন্দ্রের চার বিদ্যুৎ-কর্মী এখনো নিখোঁজ এবং তাঁদের খোঁজা হচ্ছে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।ডন আরও জানায়, বিদ্যুৎকেন্দ্রে হামলার পর ওই এলাকার বিদ্যুৎচলে যায়। এর ফলে এলাকাটিতে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় পুলিশ হামলার স্থানটি ঘিরে রেখেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুেকন্দ্রে হামলার ঘটনায় পেশোয়ারের অন্যান্য এলাকার বিদ্যুৎ-কর্মীরা প্রতিবাদ শুরু করেছেন। তাঁরা কাজ বন্ধ রেখেছেন।