পাকিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ
পাকিস্তানবিরোধী প্রামাণ্যচিত্র সম্প্রচার করায় দেশটিতে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের কেবল অপারেটররা । অপারেটরা জানায়, ‘সিক্রেট পাকিস্তান’ শিরোনামে পাকিস্তানের গোপনীয় বিষয় নিয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজ একটি প্রামাণ্যচিত্র প্রচার করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।এ ছাড়া অন্য আরও একটি বিদেশি টেলিভিশন চ্যানেল পাকিস্তানবিরোধী তথ্য প্রচার করায় ওই চ্যানেলটির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রামাণ্যচিত্রে বলা হয়, পাকিস্তানে কেউ কেউ দ্বিমুখী খেলা খেলছে। ওই কর্মকর্তারা বলেন, তারা সবার সামনে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশের মতো অভিনয় করে অন্যদিকে আফগানিস্তানে তালেবানদের তারা প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে থাকে। বিবিসির দুই পর্বের ওই প্রামাণ্যচিত্র তালেবান জঙ্গিদের দমনে পাকিস্তানের ভূমিকাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।গত সপ্তাহের শেষ দিকে আফগান সীমান্তের কাছে ন্যাটোর বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হয়। এরপরই একটি গণমাধ্যম পাকিস্তানকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করায় দেশটির কেবল অপারেটরা এ সিদ্ধান্ত নেন।এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবিসির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের স্বাধীন সম্পাদকীয় নীতিমালার জন্য হুমকীস্বরূপ এবং নিরপেক্ষভাবে আন্তর্জাতিক সংবাদ থেকে শ্রোতাদের বঞ্চিত করার জন্য নেওয়া যেকোনো পদক্ষেপের আমরা নিন্দা জানাই।’বিবিসি ওয়ার্ল্ড নিউজসহ অন্য আরেকটি আন্তর্জাতিক সংবাদ পরিবেশনকারী চ্যানেলকে যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার আহ্বান জানান ওই মুখপাত্র। দ্য অল পাকিস্তান কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার সম্প্রচার-সংক্রান্ত এক ঘোষণা দিয়েছে। সেখানে যেকোনো বিদেশি চ্যানেল পাকিস্তানবিরোধী সংবাদ প্রকাশ করলে তাদের আজ বুধবার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।পাকিস্তান-বিরোধী প্রচার চালালে ওই সব বিদেশি চ্যানেলের সম্প্রচার অনুমোদন বাতিল করতে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষের (পিইএমআরএ) প্রতি আহ্বান জানিয়েছেন কেবল অপারেটররা।বিবিসির একজন প্রতিনিধি জানান, পাকিস্তানের বেশির ভাগ শহরেই বিবিসি ওয়ার্ল্ড নিউজ দেখা যাচ্ছে না। আর দেশটির সরকারই অপারেটদের দিয়ে এ কাজ করাচ্ছে বলে মনে করেন তিনি। কেবল অপারেটরদের মুখপাত্র খালিদ আরিয়ান বলেন, ‘আমরা ওই সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়ে তাদের একটি কঠিন বার্তা দিতে চাই। তার পরও যদি তারা এ ধরনের সম্প্রচার বন্ধ না করে, তাহলে ওই সব চ্যানেল বন্ধ করে দেওয়ার অধিকার আমাদের আছে।’