পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ১৫২ আরোহীর সবাই নিহত
পাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে রাজধানী ইসলামাবাদের উত্তরে মারগালা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ১৪৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে বিমানটি করাচি থেকে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। নিহতদের মধ্যে দুজন মার্কিন নাগরিকও রয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির। ১৮ বছরের মধ্যে পাকিস্তানে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। কর্মকর্তারা জানান, অবতরণের কয়েক মিনিট আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ ভবনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।রাষ্ট্রায়ত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইমতিয়াজ ইলাহী বলেন, ‘কেউ বেঁচে নেই। আমাদের ধারণা, সবাই মারা গেছেন। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করছি।’ জানা যায়, কয়েক দিন ধরে পাকিস্তানে খারাপ আবহাওয়ার দরুন বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়। বেসরকারি এয়ারলাইনস এয়ার ব্লুর একটি বিমান গতকাল করাচি থেকে ইসলামাবাদে ওড়ার অনুমতি পায়। স্থানীয় সময় সকাল সাতটা ৫০ মিনিটে এয়ার ব্লুর এয়ারবাস এ-৩২১ বিমানটি ১৪৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে করাচি থেকে আকাশে ওড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামাবাদে পৌঁছানোর আগেই বিমানটি মারগালা পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। এ সময় আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটি পাকিস্তানি দৈনিকের ওয়েবসাইটে দেওয়া ভিডিও ক্লিপিংয়ে দেখা যায়, গভীর খাদে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বিমানটির দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশবিশেষ গাছপালা ও মাটিতে পড়ে আছে। ইসলামাবাদে বিবিসির সাংবাদিক হারুন রশিদ জানান, বিমানটি খুব নিচু হয়ে রাজধানীতে উড়ছিল। তিনি বলেন, ‘বিমানটি দেখে আমি খুব অবাক হয়েছি, কারণ আমি যেখানে বাস করি তা ছিল নো ফ্লাই জোন এলাকা। এর আশপাশে প্রেসিডেন্টের বাসভবন ও পার্লামেন্ট ভবনসহ ইসলামাবাদের অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।’ ইসলামাবাদের টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস ২৪/৭-এর সাংবাদিক আঞ্জুমান রহমান জানান, তিনি বিমানটি তাঁর বাড়ির ছাদের খুব কাছ দিয়ে উড়ে যেতে দেখেন। ঘটনাস্থল থেকে চ্যানেলটির অপর সাংবাদিক সবুর আলী সাইদ জানান, বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে এর বিভিন্ন টুকরো ও অংশবিশেষ। বিমানটির কিছু অংশ এখনো জ্বলছে। উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনাটি এমন এক এলাকায় ঘটেছে, যেখানে সড়কপথে পৌঁছানো সম্ভব নয়। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তাঁদের অনেক বেগ পেতে হচ্ছে এবং ভারী বর্ষণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কর্মকর্তা আরশাদ জাবেদ ঘটনাস্থল থেকে এএফপিকে বীভৎস পরিবেশের বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাই, দুর্গম পার্বত্য এলাকায় হাত-পা ও লাশের টুকরো টুকরো অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমি একটি ব্যাগে দুটি মাথা, দুটি পা ও হাত সংগ্রহ করেছি। কেউ বেঁচে আছে কি না, এই বলে চিৎকার করেছি, কিন্তু কোনো শব্দ শোনা যায়নি।’ পাকিস্তানের সেনাবাহিনী জানায়, উদ্ধারকাজ পরিচালনার জন্য কয়েকটি হেলিকপ্টারসহ বিশেষ বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, ‘কেউ বেঁচে নেই। বেশির ভাগ দেহ ছিন্নবিচ্ছিন্ন ও খণ্ডিত হয়ে আছে।’ বিমানে কতজন আরোহী ছিল এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে ১৫২ জন আরোহী ছিল, কিন্তু পুলিশ জানিয়েছে আরোহীর সংখ্যা ১৪৯। আর বেসরকারি ওই বিমান সংস্থাটি জানায়, যাত্রী ও ক্রুর সংখ্যা ছিল ১৫০। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসবাদ ও দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ বিমান দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ তদন্ত করা হবে। সংস্থাটির উপপরিচালক রিয়াজ-উল-হক জানান, নিয়ন্ত্রণ ভবনের সঙ্গে সর্বশেষ কথোপকথনে পাইলটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় পাকিস্তান সরকার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মন্ত্রিসভার বৈঠক ডেকে এই হূদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।করাচিতে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গিয়েছিল বিলাল হায়দারের ছোট ভাই আব্বাস। গতকালই তাঁর ইসলামাবাদ ফেরার কথা ছিল। বিধ্বস্ত হওয়া বিমানে আব্বাসও ছিলেন। বড় ভাই বিলাল হায়দার বলেন, ‘আমরা জানি না, সে (আব্বাস) বেঁচে আছে কি না।’ এয়ার ব্লু বিমানের মুখপাত্র রাহিল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিধ্বস্তের ঘটনাটি খুবই হূদয়বিদারক। আমাদের প্রথম কাজ হচ্ছে দুর্ঘটনাকবলিতদের খুঁজে বের করা। এ ঘটনায় একটি তদন্ত দলও গঠন করা হয়েছে।’এর আগে ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে যাওয়ার পথে পাকিস্তানে মেঘাচ্ছন্ন পাহাড়ি এলাকায় পিআইএ এয়ারবাস এ-৩০০ বিমান বিধ্বস্ত হয়ে ১৬৭ জনের মৃত্যু হয়েছিল।