পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ১১৮ জন যাত্রী। করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিমান কর্মকর্তারা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। বিমানটিতে ১৩১ জন আরোহী ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।১৩১ জন আরোহী নিয়ে বিএইচও-২১৩ বোয়িং বিমানটি করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়। খারাপ আবহাওয়ার কারণে রাওয়ালপিন্ডির কাছে চাকলালায় বিমানটি বিধ্বস্ত হয়। ইতিমধ্যেই সেখানে উদ্ধার তত্পরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত সেখানে জীবিত কোনো যাত্রী পাওয়া যায়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুক্তার জানিয়েছেন, ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মাইল আগে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এর আগে ওই অঞ্চলে ঝোড়ো বৃষ্টির খবর পাওয়া গেছে।ভোজা এয়ার নামের এই বাণিজ্যিক বিমান পরিবহন সংস্থাটি যাত্রা শুরু করেছিল প্রায় ১০ বছর আগে। কিন্তু বিরূপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সাম্প্রতিক সময়ে আবার চালু হয়েছিল এ বিমান সেবা।