পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুয়েত্তা শহরে বোমা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ‘দ্য ডন’-এর খবরে বলা হয়, আজ শনিবার সকালের ওই হামলায় আহত হয়েছে আরও শ খানেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। প্রাদেশিক রাজধানী কুয়েত্তার কিরানি রোডের ধারে অবস্থিত হাজরা টাউন এলাকার একটি স্কুলের পাশে বোমাটি বিস্ফোরিত হয়। পুলিশ বলছে, হামলার ধরন কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকার লোকেরা জানিয়েছেন, একটি রিকশার মধ্যে বোমাটি রাখা ছিল। বোমাটি কমপক্ষে ১০০ কিলোগ্রাম বিস্ফোরকে পূর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে। কুয়েত্তার পুলিশ কর্মকর্তা ওয়াজির খান নাসির বলেন, ‘এটি একটি সাম্প্রদায়িক হামলা। এর লক্ষ্য ছিল শিয়া সম্প্রদায়ের মানুষজন।’প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানি বলেছেন, হামলায় নিহত লোকজনের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ওই এলাকার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে। এই অংশে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বিভিন্ন খবরে জানা গেছে, সন্ধ্যায় প্রতিবেদন তৈরির সময় আক্রান্ত এলাকা থেকে থেমে থেমে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল। আদিবাসী হাজরা সম্প্রদায়ের মানুষ হাজরা টাউন এলাকাটিতে বাস করে। তাদের অধিকাংশই শিয়া ধর্মাবলম্বী। বোমা হামলার প্রতিবাদে মজলিশ-ই-ওয়াদাদ-ই-মুসলিমিন নামের একটি সংগঠন আগামীকাল রোববার দেশজুড়ে হরতাল ডেকেছে।