পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান শহরে শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রার কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গতকাল শনিবার একই শহরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ওই দিন সকালে পবিত্র আশুরা উপলক্ষে দেরা ইসমাইল খান শহরে শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার পাশেই বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেরা ইসমাইল খান শহরে রাস্তার পাশের একটি দোকানের ভেতরে বোমা পুঁতে রাখা ছিল। আজ শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রা দোকানটির পাশ দিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেরা ইসমাইল খান শহরের একটি হাসপাতালের এক চিকিত্সক জানিয়েছেন, আজকের বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।আহতদের মধ্যে পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মালিক মুস্তাক জানিয়েছেন।পাকিস্তান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। দেরা ইসমাইল খান শহর আল-কায়েদাসংশ্লিষ্ট উগ্রপন্থী সুন্নি গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। আশুরা সামনে রেখে গত কয়েক দিনে চালানো হামলায় অনেক মানুষ নিহত হয়েছে। গত বুধবার পাকিস্তানজুড়ে আত্মঘাতী বোমা হামলা ও সহিংসতায় ৩৫ জনের প্রাণহানি হয়। উগ্রপন্থী সুন্নি মুসলিমরা শিয়াদের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।