পাকিস্তানে বোমা হামলায় দুই মার্কিন নাগরিক নিহত
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে আজ সোমবার মার্কিন কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই মার্কিন নাগরিক রয়েছে। প্রাদেশিক তথ্যমন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কনস্যুলেট থেকে বের হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সরকারি একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে দুই মার্কিন নাগরিকসহ তিন জন নিহত ও ১৭ জন আহত হন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তাহির আয়ুব জানান, মার্কিন কনস্যুলেটের কাছে আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানকার মার্কিন কর্মকর্তারা পেশোয়ারে তাদের কনস্যুলেটের কোনো সদস্যের প্রাণহানির খবর নিশ্চিত করেনি। কোন মার্কিন নাগরিক বোমা হামলায় নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে খোঁজখবর চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।