পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় পৃথক তিনটি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গু জেলায় পুলিশের নিরাপত্তা চৌকিতে বোমা বিস্ফোরণে সাতজন এবং দেশটির ওরাকজাই অঞ্চলে তালেবানবিরোধী উপজাতিদের ওপর বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়। এ ছাড়া বান্নু শহরের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, বোমা হামলাকারী ছয়জনের মধ্যে পাঁচজন পুলিশের গুলিতে এবং অন্যজন আত্মঘাতী হামলায় নিহত হয়। এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। তালেবান জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে তাদের একজন মুখপাত্র জানিয়েছেন।