পাকিস্তানে বোমা হামলায় রাজনীতিকসহ নিহত ৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর বুনারে বোমা হামলায় তালেবানবিরোধী স্থানীয় এক রাজনীতিবিদ ও তাঁর তিন দেহরক্ষী নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন গতকাল শনিবার এ খবর প্রকাশ করে।নিহত ব্যক্তির নাম ফাতেহ খান। তিনি ধর্মনিরপেক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টির সাবেক নেতা। তাঁকে বহনকারী গাড়িটি পেট্রলস্টেশন ত্যাগ করার সময় বোমার বিস্ফোরণ ঘটে।এটি আত্মঘাতী হামলা, নাকি আগে থেকে গাড়িতে রাখা বোমার বিস্ফোরণে এই চারজনের মৃত্যু হয়েছে, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি বলে বিবিসি অনলাইনের খবরে প্রকাশ।তবে আরেকটি বার্তা সংস্থাকে বুনারের জেলা পুলিশপ্রধান জেহানজেব খান বলেছেন, ফাতেহ খান ও তাঁর দেহরক্ষীদের হত্যার জন্য তাঁর গাড়ির সামনে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালায়। এ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।বুনার একসময় তালেবানের দখলে ছিল। তিন বছর আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বুনার থেকে তালেবানকে হটিয়ে দেয়। তালেবান এ হামলার ব্যাপারে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে, তালেবানই এ হামলা চালিয়েছে।পাকিস্তানের ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এর খবরে বলা হয়েছে, সম্প্রতি ফাতেহ খান কাওমি ওয়াতন দলে যোগ দেন। তিনি স্থানীয় তালেবানবিরোধী সংগঠনের প্রধান ছিলেন। এ অঞ্চলে ধর্মনিরপেক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টির নেতারা তালেবান হামলার শিকার হন। তবে গত কয়েক মাসের মধ্যে এটিই বড় ধরনের হামলা।