পাকিস্তানে বোমা হামলায় ১৪ সেনা নিহত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আজ রোববার বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২১ জন। তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ এক দিন আগে এ অঞ্চলে পাকিস্তানি সেনাদের ওপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন।পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী মিরানসা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।গতকাল শনিবার পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেটটিতে স্থানীয় ও বিদেশি যোদ্ধাদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘শত্রুরা আমাদের বিভক্ত করে শাসন করতে চায়।’উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান পাকিস্তান রাষ্ট্রের বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জোট বেঁধেছে। তবে তাঁদের হামলার লক্ষ্যবস্তু পাকিস্তানি সেনাবাহিনী হবে, নাকি ন্যাটো বাহিনী, তা নিয়ে তালেবান-নেতারা দ্বিধাবিভক্ত। গত নভেম্বরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়াজির উপজাতির শীর্ষ কমান্ডার মোল্লা নাজির আত্মঘাতী হামলার শিকার হলে এ বিভক্তি প্রকাশিত হয়। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেও আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপর হামলার পক্ষপাতী ছিলেন। ধারণা করা হয়, মোল্লা নাজিরের ওপর হামলাটি বিপক্ষ তালেবান গোষ্ঠী করেছিল। পরে ওয়াজির উপজাতির পক্ষ থেকে হাকিমুল্লাহ মেহসুদের উপজাতিকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। পাহাড়বেষ্টিত আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান তালেবান ও আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে দক্ষিণ ওয়াজিরিস্তান ওয়াজির উপজাতির নিয়ন্ত্রণাধীন, যাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর একটি শান্তিচুক্তি আছে। ধারণা করা হচ্ছে, ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর ওপর হামলা বন্ধ করে পাকিস্তানি তলেবানরা আফগান তালেবানদের সহায়তা করার দিকে মনোযোগ দিতে চায়। সম্ভবত তালেবানদের প্রাথমিক লক্ষ্য হলো, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এবং পাকিস্তানের ভেতরে পশ্চিমা অবস্থানগুলোর ওপরে হামলা চালানো।