পাকিস্তানে ভুয়া ডিগ্রিধারী এমপিদের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের যেসব পার্লামেন্ট সদস্য (এমপি) ভুয়া ডিগ্রি বা সনদ ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশটির প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদ চৌধুরী আজ সোমবার এমপিদের সনদ জালিয়াতিসংক্রান্ত এক মামলার শুনানিতে বলেন, যে আইনপ্রণেতাদের ভুয়া ডিগ্রি রয়েছে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এখনো শিক্ষাসনদ জমা দেননি এমন ১৮৯ জন আইনপ্রণেতাকে ৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, যাতে সেগুলোর সত্যতা যাচাই করা যায়। ‘দ্য ডন’ জানায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ পার্লামেন্ট সদস্যদের ভুয়া ডিগ্রি সম্পর্কিত মামলার শুনানি আবার চালু করেন।মামলার শুনানির সময় ইফতেখার চৌধুরী বলেন, ৫৪ জন আইনপ্রণেতার ডিগ্রি ভুয়া ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, গত আড়াই বছরে ১৮৯ জন সাংসদ তাঁদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আইনপ্রণেতারা ইচ্ছা করে ভুয়া কাগজপত্র উপস্থাপন করলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। এ ধরনের ভুয়া সনদ উপস্থাপন সংবিধানের অনুচ্ছেদ-৬২-এর লঙ্ঘন। পরীক্ষার সনদগুলো হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠানের, যাতে সেগুলোর সত্যাসত্য যাচাই করা যায়। নির্বাচন কমিশনের সচিব ইশতিয়াক আহমেদ আদালতকে জানান, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের লিখিতভাবে জানানো হয়েছে যে, ৬৯ জন আইনপ্রণেতার ডিগ্রি ভুয়া। তাই এসব মামলা সংশ্লিষ্ট ফৌজদারি আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, ভুয়া ডিগ্রিধারী ২১ জন আইনপ্রণেতার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দায়ের করা হয়েছে। আইনপ্রণেতাদের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও তিনি জানান।