পাকিস্তানে ভেজাল ওষুধে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
পাকিস্তানে ভেজাল কাশির ওষুধ সেবন করে মৃতের সংখ্যা বেড়ে আজ রোববার ৩৩ জনে পৌঁছেছে। ‘দ্য ডন’ জানায়, পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বদিকের শিল্পনগর গুজরানওয়ালা ও এর আশপাশের গ্রামগুলোতে আজসহ তিন দিনে এ মৃত্যুর ঘটনা ঘটে।আবদুল জব্বার শাহিন নামের স্থানীয় এক কর্মকর্তা জানান, কাশির সিরাপ খেয়ে স্থানীয় হাসপাতালগুলোতে আরও ৫৪ জন ভর্তি হয়েছেন। তাঁরা এ সিরাপটি অত্যধিক পরিমাণে সেবন করেছেন বলে ধারণা করা হচ্ছে। আবদুল জব্বার জানান, আক্রান্ত লোকজনের পাকস্থলী পরীক্ষা করে ডেস্কট্রোমেথোরপ্যান নামের উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে। ডেস্কট্রোমেথোরপ্যানে কৃত্রিম মরফিন থাকে, যা কাশির সিরাপে ব্যবহার করা হয়। তাই এ সিরাপ বেশি পরিমাণে খেলে মস্তিষ্কবিকৃতি দেখা দিতে পারে। তবে মৃত বা অসুস্থ ব্যক্তিরা সিরাপটি বেশি পরিমাণে সেবনের কারণে সিরাপটির বিষক্রিয়ার কবলে পড়েছেন কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।আবদুল জব্বার শাহিন জানান, কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নামে ওই সিরাপটি বিক্রি করা হতো না। গুজরানওয়ালা নগরের কিছু সংখ্যক লোক এ ধরনের সিরাপ তৈরি করে মাদকসেবীদের কাছে বিক্রি করত। তবে পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ‘দ্য ডন’ জানায়, প্রাথমিকভাবে এ ধরনের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে। এ কোম্পানির প্রস্তুত করা সিরাপটি গুজরানওয়ালাসহ এর আশেপাশের এলাকায় পাওয়া গেছে। তাই এ সিরাপটি গুজরানওয়ালার ঘটনার জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত নভেম্বরে লাহোরে টাইনো নামের এ ধরনের একটি কাশির সিরাপ সেবনের ফলে ২৩ জন মারা গিয়েছিলেন।