পাকিস্তানে মখদুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি আদালত আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। রাওয়ালপিন্ডির একটি মাদকবিরোধী আদালত এই পরোয়ানা জারি করেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অবৈধ মাদক আমদানির অভিযোগে মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবরে বলা হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। প্রেসিডেন্ট জারদারি কাল শুক্রবার দেশটির পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন। জারদারির ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী পদের জন্য দলটির নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। শাহাবুদ্দিন মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানার ফলে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন বাধাগ্রস্ত হবে কি না, তা পরিষ্কার নয়।প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য আদালত তাঁকে প্রতীকী দণ্ড দিয়েছিলেন। গিলানি এর বিরুদ্ধে আপিল করেননি। এরপর আদালত গত মঙ্গলবার গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন।