পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৪৩
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলের একটি মসজিদে আজ শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত ও কমপক্ষে ১১৭ জন আহত হয়েছে। গত তিন মাসের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।সরকারি কর্মকর্তারা জানান, খাইবারের প্রধান শহর জামরুদের একটি মসজিদে জুমার নামাজের সময় ওই হামলা চালানো হয়। হামলার সময় মসজিদটিতে কমপক্ষে ৫০০ মুসল্লি নামাজ পড়ছিলেন। শহরটিতে জঙ্গিরা গত কয়েক বছর ধরেই সক্রিয়। আধা স্বায়ত্তশাসিত অঞ্চল খাইবারের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাইদ আহমেদ জান বলেন, জুমার নামাজ শেষ হওয়া মাত্রই বোমার বিস্ফোরণ ঘটে। তিনি নিহতের সংখ্যা ৪৩ ও আহতের সংখ্যা ১১৭ জন বলে নিশ্চিত করেন।সরকারি কর্মকর্তা খালিদ মুমতাজ কুন্ডি বলেন, এটি একটি আত্মঘাতী হামলা। হামলাকারীর দেহে আট থেকে দশ কেজি ওজনের বিস্ফোরক বাঁধা ছিল এবং সে হেঁটে মসজিদের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। অপর সরকারি কর্মকর্তা মুতাহার জেব বলেন, আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশোয়ারের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফতেখার খান জানান, সেখানে ৪০ জন আহতের চিকিত্সা চলছে। স্থানীয় টেলিভিশনগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদটি বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছোপ ছোপ রক্ত লেগে আছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, আত্মঘাতী ওই হামলাকারী বয়সে তরুণ। তবে এ হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। এর আগেও পাকিস্তানে মসজিদে বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স।