পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৭০
পাকিস্তানে আবারও মসজিদে বোমা হামলা হয়েছে। এবার উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি-অধ্যুষিত এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৬৭ জন মুসল্লি নিহত ও শতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুন খাওয়া প্রদেশের দারা আদম খেল এলাকার আখুরওয়াল গ্রামের একটি মসজিদে এ হামলা চালানো হয়। এ সময় মুসল্লিরা জুমার নামাজ আদায় করছিলেন। এ ছাড়া একই দিনে অপর একটি মসজিদে গ্রেনেড হামলায় আরও তিনজন মুসল্লি নিহত হয়েছেন।স্থানীয় এক কর্মকর্তা জানান, আখুরওয়াল গ্রামের মসজিদে নিহত ব্যক্তিদের মধ্যে ১১টি শিশু রয়েছে। তিনি বলেন, ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে তিনি টেলিভিশনের দৃশ্যে গ্রামবাসীকে কবর খুঁড়তে দেখেছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার না করলেও স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এ জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন।স্থানীয় প্রশাসনের কর্মকর্তা গুল জামাল খান জানান, নিহতের সংখ্যা এখন ৬৭। তবে এ সংখ্যা বাড়তে পারে। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। নিহত অনেকের চেহারা শনাক্ত করা যাচ্ছে না।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সুরক্ষিত কোহাট শহরের প্রধান শহীদ উল্লাহ এর আগে জিয়ো টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিহতের সংখ্যা প্রায় অর্ধশত বলে জানিয়েছিলেন। তবে তিনি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই আহত ব্যক্তিদের পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিয়ো টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক কর্মকর্তা খালিদ উমরজাই জানান, বোমা হামলাকারী জুমার মূল নামাজের সময় মসজিদের ভেতরে ঢোকে। বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে।দিনের দ্বিতীয় হামলাটি হয় পেশোয়ার থেকে ১৪ মাইল দূরে বাধবের এলাকায়। এখানে মাগরিব নামাজের সময় একটি মসজিদে তিনটি গ্রেনেড বিস্ফোরণে তিনজন নিহত ও ২৪ জন আহত হয়।স্থানীয় উপজাতি গোষ্ঠীর এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সহবত খান আফ্রিদি এ ঘটনার জন্য তালেবান জঙ্গিদের অভিযুক্ত করেন। তিনি বলেন, উপজাতীয় মিলিশিয়া নেতা ওয়ালি মোহাম্মদের বাড়ি এই আখুরওয়াল গ্রামে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি ২০০৭ সালে একটি উপজাতীয় বেসামরিক বাহিনী গঠন করেন। এই বাহিনী স্থানীয়ভাবে লস্কর নামে পরিচিত। এলাকায় তারা সংঘাতে লিপ্ত রয়েছে। কিন্তু এ বছর তারা কালো টাকার বিনিময়ে তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতা করেছে। এএফপি ও বিবিসি।