পাকিস্তানে মার্কিন কনসুলেটে জঙ্গি হামলায় নিহত ৮
পাকিস্তানের পেশোয়ারের মার্কিন কনসুলেটে আজ সোমবার জঙ্গিদের গাড়িবোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন জঙ্গি রয়েছে। তবে এ হামলায় কনসুলেটের কোনো কর্মকর্তা নিহত হননি বলে জানা গেছে।পাকিস্তানের তালেবান জঙ্গিরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং আরও হামলার হুমকি দিয়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হলো।পেশোয়ারের বাসিন্দা সিরাজ আফ্রিদি জানান, দুটি গাড়িতে রকেটচালিত গ্রেনেড নিয়ে সন্ত্রাসীরা কনসুলেটে আক্রমণ করে। প্রথমে তারা কনসুলেটের নিরাপত্তারক্ষীদের ওপর গুলিবর্ষণ করে এবং পরে বিস্ফোরণ ঘটায়।পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা একে সুপরিকল্পিত একটি আত্মঘাতী হামলা বলে বর্ণনা করেনছেন।মার্কিন দূতাবাস সূত্র জানায়, জঙ্গিরা গাড়ি বোমা, গ্রেনেড ও অস্ত্র নিয়ে এ আত্মঘাতী হামলা চালায়। এতে পাকিস্তানের দুজন নিরাপত্তারক্ষী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। জঙ্গিরা এ সময় মার্কিন কনসুলেটে ঢোকার চেষ্টা করে। রয়টার্স