পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল সোমবার চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন ২১ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, গতকাল দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান সীমান্তবর্তী ঘালমান্দি পাঙ্গা গ্রামে প্রথম দফায় চালকবিহীন বিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেটি সেখানে চলমান একটি গাড়িতে আঘাত হানে। এতে আটজন জঙ্গি নিহত হয়।কয়েক ঘণ্টা পর দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ৩০ কিলোমিটার উত্তরে মানতোই শহরে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে ১৩ জন জঙ্গি নিহত হয়।নাম প্রকাশ অনিচ্ছুক একজন স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘জায়গাটা ছিল একটি বড় আস্তানা, যা জঙ্গিরা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। হামলার পর জঙ্গিরা আস্তানাটি ঘিরে রাখে।’ আরেকজন কর্মকর্তা জানান, হামলায় জঙ্গিদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে বার্তা সংস্থা নিরপেক্ষ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। কারণ, জঙ্গিরা প্রায়ই হতাহতের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করে।পাকিস্তানি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, এ মাসে এ রকম মার্কিন হামলায় ৮৮ জন জঙ্গি নিহত হয়েছে।পাকিস্তান সরকার অবশ্য প্রকাশ্যে ড্রোন হামলার বিরোধিতা করে আসছে। তবে বিশ্লেষকদের মতে, পাকিস্তানের কর্মকর্তারা গোপনে এর সমর্থন দিয়ে আসছেন।