পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৪
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শুক্রবার ৫৪ জন নিহত হয়েছে। খাইবার এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই জঙ্গি ছিল বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার রয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। এদিকে বিবিসির প্রতিবেদনে নিহতের সংখ্যা ৬০ বলে উল্লেখ করা হয়েছে।প্রথম হামলার ঘটনাটি ঘটেছে তেরাহ ভ্যালির সানদানা এলাকায়। এতে সাত জঙ্গি নিহত এবং অপর নয়জন আহত হয়। হতাহত ব্যক্তিরা পাকিস্তানি তালেবান গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে স্পিন দারাং গ্রামে। সেখানে লস্কর-ই ইসলামে নামে একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সভা করছিল। এ হামলায় ৩২ জন নিহত হয়। নিহতদের মধ্যে সংগঠনটির কমান্ডাররাও আছেন। তৃতীয় হামলার ঘটনাটি ঘটেছে নারাই বাবা গ্রামে। সেখানে ১৫ জন নিহত হয়। গত তিন বছরে মার্কিন চালকবিহীন বিমান থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ১০০টিরও অধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তান সরকার এসব হামলার প্রতিবাদ করে আসছে। ডন ডটকম, বিবিসি।