পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা অবৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলে মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) হামলা আজ বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে আদালত ওই হামলার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ওই গোয়েন্দা বিমানের হামলার বিরুদ্ধে দাখিল করা চারটি আবেদনের জবাবে পেশোয়ার হাইকোর্ট এ রায় দেন। এতে অভিযোগ করা হয়, ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়া ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খানের নেতৃত্বে দুই সদস্যের একটি বেঞ্চ এ আবেদনের শুনানি গ্রহণ করেন। রায়ে বলা হয়, ড্রোন হামলা অবৈধ, অমানবিক ও মানবাধিকারবিষয়ক জাতিসংঘ সনদের পরিপন্থী। এ হামলায় নিরপরাধ মানুষ নিহত হওয়ায় একে যুদ্ধাপরাধ বলেও ঘোষণা করেন আদালত।আদালত বলেন, ‘ভবিষ্যতে যেন আর কোনো ড্রোন হামলার ঘটনা না ঘটে, তা পাকিস্তান সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।’ এ হামলার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব উত্থাপনের নির্দেশ দিয়ে আদালত আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দিলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি পাকিস্তানের বিবেচনা করা উচিত হবে।’