পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা ও বিস্ফোরণে নিহত ৪০
পাকিস্তানে আদিবাসী অধ্যুষিত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে আজ শুক্রবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ২৫ জন জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দরনগর করাচিতে একটি জুয়ার আসরে বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। দেশটির গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তারের মির আলী শহরে একটি বাড়িতে আজ মার্কিন দুটি চালকবিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, বাড়িটি থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারীর মৃতদেহও রয়েছে। আরেকজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি জঙ্গিও আছে। তবে তাদের জাতীয়তা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িটি জঙ্গিদের গোপন আস্তানা হিসেবে ব্যবহূত হতো। করাচির পুলিশ কর্মকর্তা সাকিব সুলতান জানান, গতকাল শহরে একটি ক্লাবের ভেতরে জুয়ার আসরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়। তিনি বলেন, ‘বোমাটি সম্ভবত ক্লাবের ভেতরে পেতে রাখা ছিল। সেটিকে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।’ তবে ওই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।পুলিশ কর্মকর্তারা জানান, ক্লাবটি অপরাধী চক্র পরিচালনা করে আসছিল এবং তারা সেখানে অবৈধভাবে জুয়ার আসার বসাত।