পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় চার জঙ্গি নিহত
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় অধ্যুষিত অঞ্চলে জঙ্গিদের চত্বরে আজ শুক্রবার ভোরে চালকবিহীন মার্কিন বিমান হামলায় চার জঙ্গি নিহত ও তিনজন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিরাপত্তা কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত তিনটার দিকে চালকবিহীন মার্কিন গোয়েন্দা বিমান থেকে ওই বাড়িতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চার জঙ্গি প্রাণ হারায়। তবে, নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, সন্দেহভাজন জঙ্গিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাঁদের কাছে নেই। এদিকে, পাকিস্তানের তালেবান জঙ্গিদের কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহে বিদেশি জঙ্গিদের ব্যবহূত একটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হতাহতদের সবাই আরব সম্প্রদায়ের। তারা বিভিন্ন আরব দেশের নাগরিক।ওয়াজিরিস্তান পাকিস্তানের আধা স্বায়ত্তশাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় অধ্যুষিত অঞ্চল জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি। ওয়াশিংটনের ধারণা, এ অঞ্চল থেকেই ন্যাটো ও আফগান বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করে তাঁরা।