পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় আজ বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় চার সন্দেহভাজন মিলিশিয়া নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গত দুই দিনে পাকিস্তানে দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহ শহরের একটি বাজারের পাশের একটি বাড়িতে চালকবিহীন মার্কিন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছিল। গতকাল বুধবার উত্তর ওয়াজিরিস্তানের একটি শিবিরে একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের জ্যেষ্ঠ নেতা, সদস্য ও বেসামরিক লোক ছিল। গত বছরের নভেম্বরে ন্যাটোর বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনাসদস্যের মৃত্যুর পর দেশ দুটির মধ্যে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়। এরপর পাকিস্তানে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় বিরতি দেয় যুক্তরাষ্ট্র।