পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ‘১৭ জঙ্গি’ নিহত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আজ সোমবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ‘১৭ জঙ্গি’ নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি এলাকায় জঙ্গিদের একটি কম্পাউন্ডে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই কম্পাউন্ড ও জঙ্গিদের একটি প্রতিষ্ঠানে দুটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ ঘটনায় সাতজন বিদেশি নাগরিকসহ ১৪ জঙ্গি নিহত হয়। উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামে পৃথক আরেকটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিনজন জঙ্গি নিহত হয়।এদিকে গতকাল রোববার উত্তর-পশ্চিম ওয়াজিরিস্তানে পৃথক দুটি বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ওয়াজিরিস্তানে গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা ইলিয়াস কাশ্মীরি হত্যার প্রতিশোধ নিতে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। এর আগে জঙ্গিরা কাশ্মীরি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।